
বুধবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রায় নিরাপত্তারক্ষীদের ওপর জঙ্গি হামলায়, শহিদ হয়েছেন এক পুলিশকর্মী।
২২ জুলাই বুধবার দুপুর ১২.৩০ নাগাদ নিরাপত্তারক্ষীদের ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হন এক হেড কনস্টেবল। গুরুতর আহত হেড কনস্টেবল আশিক হুসেইন কুরেশি (৩৫) কে আহত অবস্থায় দ্রুত অনন্তনাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বিপুল সংখ্যায় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
অমরনাথ যাত্রার অন্যতম প্রধান রুট জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা। প্রতিবছর এই পথে হাজার হাজার তীর্থযাত্রী অমরনাথ দর্শনে যান। নিরীহ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার আশঙ্কায় এই সময়ে অঞ্চলগুলি নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকে। সেখানে জঙ্গি হামলা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে সম্প্রতি অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে প্রশাসনের তরফে। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি যে বা যারা এই হামলা চালিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।