
বৈশালী বিহারের শতবর্ষী বোধিবৃক্ষ ও বুদ্ধমূর্তির চীবর (কাপড়) পুড়িয়ে দিয়েছে মো. রহিম(২৭)। এই ঘটনায় তাকে আটক করে বাংলাদেশে সেনাবাহিনী।
গত ৭অক্টোবর মঙ্গলবার ভোরে চট্টগ্রাম জেলা বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে এই ঘটনা ঘটে।
আটক মো. রহিম একই উপজেলার খরন্দ্বীপ ইউনিয়নের সন্দীপাড়া এলাকার রবিউল হকের ছেলে।
বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয় সেন বড়ুয়া বলেন, “ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা বোধিবৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর খুলে আলাদা করে পুড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত সেখানে যাই এবং আগুনে ক্ষতিগ্রস্ত অংশগুলো দেখি।”
বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাসেল জানান, “আটক রহিম মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিজ্ঞাসাবাদের সময় সে বোধিবৃক্ষ ও মূর্তির চীবরে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে, তবে এর কোনো যুক্তিসঙ্গত কারণ জানাতে পারেনি।”
তিনি আরও জানান, বিষয়টি সঠিকভাবে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আটক রহিমকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।