
প্রকাশ্যে সকাল বেলায় হিন্দু গৃহবধূ মঞ্জু রানী দাসের (৩৬) কানের দুল ছিনতাই।
২১ অক্টোবর সোমবার ভোর ৬টার দিকে ফরিদপুর জেলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মঞ্জু রানী দাস একই এলাকার বিষু দাসের স্ত্রী।
জানাযায়, বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুই যুবক আসেন সেখানে। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া কানের দুল ছিনিয়ে নেন তারা। পুরো ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে।

ফুটেজে দেখা যায়, দোকানের সামনের সড়ক ঝাড়ু দিচ্ছেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেলে আসেন দুই যুবক। দুজনই হেলমেট পরিহিত। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দেন। এসময় সামনে থাকা (চালক) যুবক পিস্তলসদৃশ বস্তু বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।
ভুক্তভোগী মঞ্জু রানী দাস বলেন, “প্রতিদিনই আমি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিই। হঠাৎ করে মোটরসাইকেলে দুজন আসে। তাদের আমি চিনিও না। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে ‘চিৎকার করলে গুলি করে দেবো’। ভয়ে আমি নিজেই কানের দুল খুলে দিয়ে দিয়েছি।”
গৃহবধূর স্বামী বিষু দাস বলেন, ‘সিসিটিভি ফুটেজ নিয়ে থানায় যাবো। আমাদের এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমাদের দাবি, এদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানের মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।