
পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে মাহিন আহমদের ছুরিকাঘাতে নিহত স্বাধীন পাল(২০)।
১৫ ডিসেম্বর সোমবার রাতে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা চা বাগানে এ ঘটনা ঘটে।
জানাযায়, সোমবার রাত ৮ টার দিকে চা বাগানের পাট্রা (মদের দোকান) লাইনে পাওনা টাকা নিয়ে চা শ্রমিক সন্তান স্বাধীন পালের সাথে কথা কাটাকাটি হয় বাগানের পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামের মাহিন আহমদের।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাহিন চাকু দিয়ে স্বাধীনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত স্বাধীনকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাহিন আহমদকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।