
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে।
এই ঘটনা ঘটে, ২৫ জানুয়ারি শনিবার দিবাগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উত্তর আবিরপাড়া গ্রামের বাসিন্দা মিন্টু পাল ও দয়াল পালের বসতঘরের সামনে উঠানে একটি কাপড়ের প্যান্ডেলে সরস্বতী প্রতিমাটি স্থাপিত ছিল। গত ২৩ জানুয়ারি পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও বিসর্জনের আগ পর্যন্ত প্রতিমাটি সেখানেই রাখা হয়েছিল। রোববার সকালে পরিবারের সদস্যরা দেখতে পান, প্রতিমাটির মাথা ভাঙা এবং হাতের বীণাটি উল্টে পড়ে আছে। রাতের আঁধারে অজ্ঞাত কেউ এই ভাঙচুর চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ বলেন, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে যাই এবং প্রশাসনকে বিষয়টি জানাই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে আমি ও সার্কেল স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূজা শেষে প্রতিমাটি প্যান্ডেলের নিচে অরক্ষিত অবস্থায় ছিল। কোনো মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি বা অন্য কোনো মাধ্যমে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এটি কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা নয়। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।