পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ছবি: স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের নতুন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিবেন শুভেন্দু অধিকারী।

আজ শুক্রবার বিকেলে বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে।

বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেন, ‘‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’’

বিধায়কদের সমর্থন নিয়ে শুভেন্দু এ বার লোক ভবনে যাবেন এবং রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের আর্জি জানাবেন।

শুভেন্দুর নাম ঘোষণার পর অমিত শাহ বলেন, ‘‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র বিজেপি-র সরকার গঠিত হল। শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে শ‍্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের অনুসারী সরকার তৈরি হয়েছে।’’

শুভেন্দু অধিকারী পর পর দু’বার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোটের লড়াইয়ে পরাস্ত করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু নিজের কেন্দ্র নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন। জিতেছিলেন ১৯৫৬ ভোটে। নিজের ঘরের মাঠে মমতাকে হারানোর পর এ বার মমতার পাড়ায় এসে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দু’টি কেন্দ্র থেকে তিনি ভোটে লড়েছেন। মমতার বিরুদ্ধে শুধু জয়ই পাননি, আগের চেয়ে সেই জয়ের ব্যবধানও অনেক বাড়িয়েছেন। ভবানীপুরে মমতাকে তিনি হারিয়েছেন ১৫ হাজারের বেশি ভোটে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর এমন ‘সম্মুখসমর’ বেশ বিরল। আগে এমন কেউ দেখেছেন বলে মনে করতে পারছেন না। তা ছাড়া, মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা স্বয়ং— এমনটাও বড় একটা দেখা যায়নি। ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও শুভেন্দু জিতেছেন। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করকে তিনি হারিয়েছেন প্রায় ১০ হাজার ভোটে। এর পর বিজেপির অন্দরেই কেউ কেউ বলতে শুরু করেছিলেন, মুখ্যমন্ত্রীপদের যোগ্য দাবিদার শুভেন্দু। অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া সঙ্গত হবে না।

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোটের ফল জানা গিয়েছে গত ৪ মে। ২০৭টিতেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। তৃণমূল ৮০টি আসনে জিতেছে এবং ছ’টি আসন পেয়েছে বাম, কংগ্রেস ও অন্য দলগুলি। দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে আগামী ২১ তারিখ পুনর্নির্বাচন হবে।

আগামীকাল শনিবার বিজেপির শপথগ্রহণ উপলক্ষে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ শুক্রবার সকালেই শহরে চলে আসেন। দক্ষিণেশ্বরের মন্দিরে পুজোও দেন তিনি। তাঁদের উপস্থিতিতে নতুন সরকারের শপথগ্রহণ নিয়ে এখন সাজোসাজো রব রাজ্য বিজেপির অন্দরে।

শুভেন্দুর নেতৃত্বেই আগামী পাঁচ বছর রাজ্য চালাবে নির্বাচিত বিজেপি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *