
চট্টগ্রামে শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট।
৮ মে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামে অবস্থিত শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরে চুরি ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাধারণ সম্পাদক মিন্টু কান্তি পাল জানান, প্রতিদিনের মতো সন্ধ্যা উপাসনা শেষে মন্দিরের কর্মচারীরা গেট ও গর্ভগৃহ তালাবদ্ধ করে চলে যান। শনিবার ভোরে বাল্যভোগের জন্য আসা কার্তিক পাল প্রথম ঘটনাটি দেখতে পান। পরে দেখা যায়, গেট ও মূল মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙে চোরের দল গর্ভগৃহে প্রবেশ করে মায়ের মূর্তিতে পরিহিত প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ পূজার কাঁসা-পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, প্রায় সাড়ে তিনশ বছরের পুরোনো এই মন্দিরে আগে কখনও চুরির ঘটনা ঘটেনি। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানো হয় এবং বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাল্যভোগের জন্য আসা কার্তিক পাল বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে মন্দিরে প্রবেশ করে চুরির বিষয়টি টের পাই। পরে সবাইকে জানাই।’
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবাস পাল বলেন, ‘রাত আনুমানিক ১২টা থেকে ৩টার মধ্যে চোরের দল তালা ভেঙে গর্ভগৃহে প্রবেশ করে স্বর্ণালংকার ও পূজার সামগ্রী নিয়ে যায়।’
এ ব্যাপারে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকসী বলেন, ‘মন্দিরের প্রবেশপথের গেটের তালা ভেঙে চোর ঢুকে স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ কাজ শুরু করেছে।’