
অচিন্ত্য বিশ্বাসের শম্পা জুয়েলার্স থেকে বোরখা পরা দুই ব্যাক্তি প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
৮অক্টোবর বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার মালিবাগ এলাকার ফরচুন শপিং মলে অবস্থিত অচিন্ত্য বিশ্বাসে শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।
অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর।
ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক বলেন, আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।
আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে।
এদিকে পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের দু’জন সদস্য বোরখা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরির এই ঘটনা ঘটায়।