
সাতক্ষীরায় ডা. সজীব দত্তের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৮ মার্চ বুধবার ভোররাতে সাতক্ষীরা জেলা শহরের কাটিয়া এলাকায় নিজ বাড়ি থেকে ডা. সজীব দত্তের (২৭) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত ডা. সজীব দত্ত ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। সম্প্রতি উচ্চতর পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং কিছুদিন আগে দেশে ফেরেন।
সজীবের বাবা তপন কুমার দত্ত জানান, মঙ্গলবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে তার মা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশনস) সুশান্ত ঘোষ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।