
নওগাঁর ধামইরহাট উপজেলায় নিতাই রবিদাসের (৩২) মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার করা হয়, ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৭টায় নওগাঁ জেলা ধামইরহাট উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশে থেকে।
নিহত নিতাই রবিদাস একই উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে। নিহত নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আওতায় প্রোগ্রাম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন। গত সেপ্টেম্বর থেকে সেই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে।
পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে নিহত নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যার পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে মঙ্গলবার ভোরে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা থানা পুলিশকে অবগত করেন।
নিহতের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছেন।
ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।