
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে পাকিস্তানের নাগরিক সালেয়া ইমারানের নাম।
২০২৬ সালেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, তাই শুরু হয়ে গিয়েছে এসআইআরের তোড়জোড়। অবৈধ ভোটারদের নাম বাতিল করতে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের নাগরিক সালেয়া ইমারানের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়।
ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটি বিধানসভা ভোটার লিস্টে পাওয়া যায় পাকিস্তানের নাগরিক সালেয়া ইমারানের নাম। এই তথ্য সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করে বলেন, নৈহাটি বিধানসভায় ৮ নং ওয়ার্ডের গৌরীপুর এটি ঘোষ লেনের বাসিন্দা সালেহা ইমরান আদতে পাকিস্তানের নাগরিক। ওই ব্যক্তি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ভারতে এসে বাংলায় রয়েছে। এজন্য ভারতীয় নাগরিকত্বের জন্য কোনও আবেদন জানানো হয়নি। আর তা না করেই ভোটার তালিকায় নাম তোলা হয়েছে।
শাসক দলের বিধায়ক সনৎ দে বলেন, মহিলার নাম সালেহা। ২৮ বছর আগে উনি পাকিস্তানে থাকতেন। বিবাহসূত্রে উনি এখানে এসেছেন। যাঁর সঙ্গে বিয়ে হয়েছে তাঁর নাম মহম্মদ ইমরান আলি। দুবাইতে কাজ করত। দুবাইতে থাকাকালীনই মহম্মদ ইমরান আলির সঙ্গে পাকিস্তানের বাসিন্দা সালেহার বিয়ে হয়। সেই সূত্রে ২৮ বছর ধরে এখানে রয়েছেন। তাঁদের সন্তানও রয়েছে। তবে ভোটার কার্ড সঠিক কি না, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।
অন্যদিকে স্ত্রী যে পাকিস্তানে জন্মেছেন তা মেনে নিয়েছেন মহম্মদ ইমরান আলি। একইসঙ্গে পাসপোর্ট এবং ভিসা যে বাতিল হয়ে গিয়েছে তাও মেনে নিয়েছেন। যদিও সমস্ত নথি জমা দেওয়া হয়েছে, নাগরিকত্বের জন্যেও আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন ইমরান। তবে স্ত্রীয়ের যে ভোটার কার্ড আছে এবং ভোট যে দেন তাও মেনে নিয়েছেন ওই ব্যক্তি। তবে ক্যামেরার সামনে স্ত্রী সালেহা ইমরানকে আনতে নারাজ তার স্বামী মহম্মদ ইমরান।