
চট্টগ্রামে বসতঘরের দরজা ভেঙে হিন্দু পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণের গয়না, নগদ ১২ হাজার টাকা ও ৫ টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
১ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৩টার দিকে চট্টগ্রাম জেলা বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার বাজার এলাকার মিলন দাশের ঘরে এ ঘটনা ঘটে।
পরিবারটির সদস্য চন্দনা দাশ জানান, ভোর সাড়ে তিনটার দিকে বাড়ির মূল দরজার লক ভেঙে মুখোশধারী ৮–১০ জন ব্যক্তি ঘরে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এসময় ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতরা মীরা দাশ নামের এক বৃদ্ধার কানে থাকা স্বর্ণের দুলও টেনে খুলে নিয়েছে। মারধর করা হয় পরিবারের সদস্যদের।
পরিবার আরেক সদস্য জয় দাশ বলেন, ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২৬-২৭ বছর হবে। ঘরে ঢুকেই ডাকাতরা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
রাজ দাশ জানান, “ডাকাতরা পরিবারের বেশিরভাগ সদস্যের গলায় ধারালো অস্ত্র ধরে হাত-পা বেঁধে ফেলে। আমাদের কয়েকজন শিশুকে ছাড়া বাকিদের চুপ থাকতে বলা হয়।”
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।