
নরসিংদীতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে(৪০) কুপিয়ে হত্যা করেছে।
এই ঘটনা ঘটে, ৫ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে নরসিংদী জেলা পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে।
নিহত মনি চক্রবর্তী(৪০) নরসিংদী জেলা শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন এবং সুলতানপুর গ্রামে বসবাস করতেন।
জানা যায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী রাত ৯টার দিকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে বাড়ির কাছে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনি চক্রবর্তীর ভাই রনি চক্রবর্তী বলেন, আমরা একসাথে দোকান বন্ধ করে বের হই। পথিমধ্যে ভাইয়ের উপর হামলার খবর পাই। তার কোনো শত্রু ছিল না। সে খুবই ভালো মানুষ ছিল। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে। আমরা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল ও টাকা সাথেই ছিল। এ ঘটনায় অপরাধীদের আটক করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।