
কক্সবাজারে দোকান ও বসতঘরে ডাকাতদল ঢুকে বাড়ির লোকজনকে মারধর করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং দুটি মুদির দোকান থেকে ২৫ বস্তা চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
এই ঘটনা ঘটে, ৯ জানুয়ারি শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, নাথপাড়া এলাকার বাসিন্দা নৈদাবাঁশী ধর ওরফে ভুলু ধর গত ২৬ ডিসেম্বর মারা যান। শুক্রবার ছিল তাঁর ক্ষুরকর্ম অনুষ্ঠান এবং শনিবার শ্রাদ্ধানুষ্ঠান। মৃতের ছেলে সাগর ধর একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম বাজারে একটি স্বর্ণের দোকান পরিচালনা করেন। বাবার মৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে গত প্রায় ১৫ দিন ধরে পরিবারসহ তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
ভোরে ধর্মীয় রীতিনীতি পালনের প্রস্তুতির সময় ৫-৬ জনের একদল স্বশস্ত্র ডাকাত বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে আলমারির চাবি কেড়ে নেয়। পরে আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও শ্রাদ্ধানুষ্ঠানের জন্য সংরক্ষিত নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতির আগে একই এলাকার মিন্টু নাথ ও বিজয় নাথের দুটি মুদির দোকানের তালা ভেঙে ২৫ বস্তা চাল, এক বস্তা গোল সাবান এবং একটি সম্পূর্ণ সিগারেটের কার্টন লুট করা হয়।
ভুক্তভোগী সাগর ধর বলেন, ‘ভোরে সবাই বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলাম। এ সময় ডাকাতরা হামলা চালিয়ে আমাদের মারধর করে সবকিছু লুট করে নিয়ে যায়।’
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে।