
পটুয়াখালীতে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাংচুর করেছে।
এই ঘটনা ঘটে, ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী জেলা বাউফল উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুবন সাহার কাচারি এলাকায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে বাউফল থানায় মামলা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতি।
বগা-বাউফল সড়কের ভুবন সাহা কাচারি এলাকায় ৫ শতাংশ জমিতে মন্দিরটির অবস্থান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, দুই কক্ষের টিনশেডের মন্দির। এর সামনের অংশ খোলা। মন্দিরের এক পাশে (পশ্চিম) কালীপ্রতিমা ও আরেক পাশে (পূর্ব) কক্ষে শীতলাপ্রতিমা। কালীপ্রতিমার মাথা ভাঙা অবস্থায় আছে।
মন্দির-সংলগ্ন চায়ের দোকানি সবুজ শরীফ বলেন, তিনি রাত সাড়ে নয়টার দিকে পানির জন্য মন্দিরের পাশে পুকুরে যান। ওই সময় টর্চের আলোতে তিনি কালীপ্রতিমার ভাঙা মাথা মন্দিরের সামনে পরে থাকতে দেখে মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্রকে জানান।
অনিল চন্দ্র গণপতি বলেন, খবর পেয়ে তিনি মন্দিরে আসেন এবং পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে এ বিষয়ে তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিশের পরামর্শে গতকাল রাতেই তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীপ্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সভাপতি অনিল চন্দ্র গণপতি বাদী হয়ে ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।’