চট্টগ্রামে ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার।

ছবি: রহস্যজনক মরদেহ।
ছবি: রহস্যজনক মরদেহ।

চট্টগ্রামে ব্যাংক থেকে নিরাপত্তাকর্মী অঞ্জন মল্লিকের (৫২) রহস্যজনক মরদেহ উদ্ধার।

১ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা সদর উপজেলার রূপালী ব্যাংক পিএলসির শাখা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অঞ্জন মল্লিকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তার পরিবার ও আত্মীয়-স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে।

তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি-সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে আনোয়ারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাগনি জামাই দিলীপ দে (৪৫) বলেন, ‘তিনি নিয়মিত দায়িত্ব পালন করতেন। হঠাৎ এমন ঘটনায় আমরা হতবাক। আমি পরিবারকে জানিয়েছি। তারা চট্টগ্রাম মেডিক্যালে আসছে।’

অন্য নিরাপত্তাকর্মী মো. আশরাফ আলী বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে ডিউটির দায়িত্ব দিত, সেভাবেই আমরা পালন করতাম। বিশেষ করে অফিস সময়েই আমার দায়িত্ব থাকত।’

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা ব্যাংকে এসে তাকে ভেতরে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে জানানো হয়। পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয়। ব্যাংকের ভেতরে আপাতত কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *