
চাঁদপুরে কৃষি জমির পানিতে ভাসমান সুজন দেবনাথের(৩০) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
৮ অক্টোবর বুধবার বিকালে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামের তালুকদার বাড়ির পাশে জলাবদ্ধতাময় কৃষি জমির পানি থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজন দেবনাথ(৩০) চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামের বাসিন্দা।
নিহত সুজনের মা অঞ্জলী দেবনাথ বলেন, আমার ছেলে কোন রাজনীতি বা সংগঠনের সাথে জড়িত নেই। তার বাবা বেঁচে নেই। আমার এক মেয়ে আর এক ছেলের মধ্যে মেয়েকে বিয়ে দেয়ার পর ছেলেকে নিয়েই বসবাস করছি। সে যখন যে কাজ পায় উপার্জনের জন্য সেটাই করে থাকে। সকালের কাজ শেষে দুপুরে সে মোঃ বাচ্চু নামে একজনের ডাকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর খবর পেলাম তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সুজন দেবনাথের সাথে কাজ করা মোঃ বাচ্চু (৫৫) বলেন, আমরা সকালে একসাথে গাছ কাটার কাজ করেছি। তবে সে কিভাবে মারা গেলো এটা আমি বলতে পারছি না।
স্থানীয় বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমার জানা মতে সুজন ছেলেটা খুবই নম্র ভদ্র এবং কারো সাথে কখনও কোন ঝামেলা হতে দেখিনি। তবে তার মৃত্যুর কোন কারন এখনও জানি না।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, কৃষি জমির পানিতে লাশ ভেসে আছে সংবাদ পেয়ে সেখান থেকে সন্ধ্যায় সুজনের লাশ উদ্ধার করি। তার মৃত্যুর কারণ সর্ম্পকে এখনো নিশ্চিত না হওয়ায় তদন্ত চলমান রেখেছি।