
পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ডাকাতি করার সময় আপনজনদের রক্ষা করতে গিয়ে ডাকাতের হাতে প্রাণ হারিয়েছেন বিমোলা পোদ্দার (৬৫)।
এই ঘটনা ঘটে, ১৬ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া জেলা দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারের ব্যবসায়ী রাধেশ্যাম পোদ্দারের বাড়িতে।
জানাযায়, ব্যবসায়ী রাধেশ্যাম পরিবারের সদস্যরা খৈল ও ভুসির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাঁচ ভাইবোন কেউই বিয়ে করেননি, সবাই একসঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার গভীর রাতে ৪ থেকে ৫ জন টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। এ সময় সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন বিমোলা পোদ্দার। কিন্তু সেই প্রতিরোধই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ডাকাতরা তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ইতোমধ্যে একাধিক টিম তদন্তে নেমেছে এবং ভয়াবহ এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।