সুস্ময় চক্রবর্তীর ২৪ লাখ টাকা ছিনতাই।

ছবি: সুস্ময় চক্রবর্তীর ২৪ লাখ টাকা ছিনতাই।

ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট সুস্ময় চক্রবর্তীর ২৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

এই ঘটনা ঘটে, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাদারীপুর জেলা রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাজিতপুর ইউনিয়নের কামালদি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুস্ময় চক্রবর্তী (২৫) রাজৈর উপজেলা পৌরসভা এলাকার সাহাপাড়ার মৃত সঞ্চয় কুমার চক্রবর্তীর ছেলে। তিনি রাজৈর উপজেলার টেকেরহাট ডাচ্-বাংলা ব্যাংকের মাস্টার এজেন্ট শাখায় ডিএসআর হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে বেলা ৩টা পর্যন্ত ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এজেন্ট শাখা থেকে ৭ লাখ, আমগ্রাম বাজার এজেন্ট শাখা থেকে ৭ লাখ ও টেকেরহাট মাস্টার এজেন্ট থেকে ১০ লাখসহ মোট ২৪ লাখ টাকা সংগ্রহ করেন ডাচ্-বাংলা ব্যাংকের কর্মী সুস্ময়। তিনি টাকাগুলো নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদারকান্দি বাজার এজেন্ট শাখায় দেওয়ার জন্য রওনা দেন।

পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা সুস্ময়কে একটি ভিজিটিং কার্ড দেখিয়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে আহত অবস্থায় সুস্ময়কে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মনতোশ সরকার বলেন, ‘পুলিশ তদন্ত শুরু করছে। আমরা বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার (সুস্ময়) নাকের সামনে স্কোপোলামিন নামক ওষুধ; যা শয়তানের নিশ্বাস নামে পরিচিত তা দিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করছি। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *