দখলদারির প্রতিবাদ করায় বিপাকে গৌতম সরকার, মিলল খুনের হুমকি।

ছবি: জমি দখলের চেষ্টা।

গৌতম সরকারের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রতিবেশী মো. মুজিবর রহমান গাজী। এতে বাধা দিলে গৌতম সরকার কে অকথ্য ভাষায় গালাগাল, মারধর ও খুন-জখমের হুমকি দেন মুজিবর রহমান।

এই ঘটনা ঘটে, খুলনা জেলা পাইকগাছা উপজেলার পৌরসভার শিববাড়ীর ০৯ নং ওয়ার্ডে।

জানাযায়, গৌতম সরকারের ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় প্রতিবেশী মো. মুজিবর রহমান গাজী। ছেলে গোলাম রাব্বানীর আশ্রয়ে গৌতম সরকারের জমিতে পাকা স্থাপনা তৈরির খবর পেয়ে গৌতম সরকার উপস্থিত হয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগাল, মারধর ও খুন-জখমের হুমকি দেন মুজিবর রহমান। এছাড়াও স্থানীয়দের ভয় দেখিয়ে মামলা নথিভুক্ত করার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে থানায় স্থানীয়দের নামে অভিযোগ করেছেন মুজিবর।

প্রতিবেশীরা জানান, ইতোপূর্বে দখলবাজরা গৌতম সরকারের জমিতে মাটি কাটা, ক্ষতিসাধনসহ অন্যান্য প্রতিবেশীর জমি থেকে মাটি কাটা ও বিভিন্ন সময় হুমকি-ধামকি দেন। এসবের প্রতিবাদ করায় প্রতিবেশী সোবহান, রাশেদ, শাহরিয়ার ও মুন্নি বিবিকে জড়িয়ে থানায় অভিযোগ করেন মুজিবর রহমান। এই ধরনের আচরণ শুধু এক ব্যক্তির সম্পত্তি সমস্যা নয়, পুরো এলাকায় সামাজিক অশান্তি ও নিরাপত্তাহীনতা তৈরি করছে বলে মনে করছেন স্থানীয়রা।

গৌতম সরকার অবিলম্বে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি প্রশাসনের কাছে দাবি করেছেন, তাঁর জমিতে আর কোনো অবৈধ নির্মাণ না করার ব্যবস্থা নেওয়া হোক এবং নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

তিনি আরও বলেন, প্রতিবেশীর দখলবাজ আচরণ নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

পাইকগাছা থানার এসআই নুর আলম সোমবার (২ মার্চ) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উভয় পক্ষকে ডেকে এবং স্থানীয়দের উপস্থিতিতে জমি মাপার নির্দেশ দেন।

তিনি জানান, যদি কেউ অবৈধভাবে প্রতিবেশীর জমির ওপর পাকা স্থাপনা তৈরি করেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *